এইচপি স্পেক্টর নামে ১০ দশমিক ৪ মিলিমিটার পাতলা ল্যাপটপ এসেছে দেশের বাজারে। সোমবার রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু’তে ল্যাপটপটির আনুষ্ঠানিক উম্মোচন করে এইচপি। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বলে দাবি বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে এইচপি কর্মকর্তারা জানান, সিএনসি মেশিনের অ্যালুমিনিয়াম বডির এ ল্যাপটপ এএএ-ব্যাটারির মতো পাতলা এবং কার্বন ফাইবারের তলদেশ হওয়ায় এটি খুবই হালকা।
১ দশমিক ১১ কিলোগ্রাম ওজনের ল্যাপটপটিতে রয়েছে ফুল এইচডি ১৩ দশমিক ৩ ইঞ্চির ডায়াগনাল এজ-টু-এজ ডিসপ্লে ও ব্যাং এবং ওলুফসেন সাউন্ড। রয়েছে হাইব্রিড ব্যাটারি যা সর্বোচ্চ সাড়ে ৯ ঘন্টা ব্যাকআপ দেবে।
এতে ৬ষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৫ ও আই৭ প্রসেসর, সর্বোচ্চ ৫১২ গিগাবাইট দ্রুতগতির পিসিআই এসএসডি, ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম রয়েছে।
এইচপির এশিয়া প্যাসিফিক এবং জাপান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পার্সোনাল সিস্টেমস বিজনেস) ও মহাব্যবস্থাপক অ্যানেলিস ওলসন জানান, এইচপি স্পেক্টর বিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক। এটি বাজারে থাকা অন্যান্য পাতলা ল্যাপটপের মতো নয় এবং শক্তি ও সুবিধার ক্ষেত্রে কোনো আপোষ করে না।
অনুষ্ঠানে স্পেক্টর ছাড়াও তিন মডেলের ল্যাপটপ উম্মোচন করা হয়। এগুলো হলো, ১৫ দশমিক ৬ ইঞ্চির ডায়াগনাল এইচপি এনভি, ১৪ ইঞ্চির ডায়াগনাল এইচপি প্যাভিলিয়ন ও ১৫ দশমিক ৬ ইঞ্চির ডায়াগনাল এইপি প্যাভিলিয়ন ল্যাপটপ।
ল্যাপটপগুলোর দাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ল্যাপটপ উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের ম্যানেজার (নোটবুক) সামান্তা গোও, চ্যানেল সেলস ম্যানেজার (এশিয়ান ইমার্জিং মার্কেট) ইমরুল হোসাইন ভূঁইয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন